'নতুন মুখের সন্ধানে' চলচ্চিত্র পরিচালক সমিতি

অনেক দিন থেকেই শোনা যাচ্ছে নতুন নায়ক-নায়িকার সন্ধানে নামবে এফডিসি। শিগগিরই শুরু হবে নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’। বিষয়টি নিয়ে আগামী ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘‘প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছুর আনুষঙ্গিক চুক্তির জন্য আমরা কাজ করছিলাম। এগুলো এখন চূড়ান্ত। আগামী ১৪ জুলাই আনুষ্ঠানিক চুক্তি হবে এবং সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ‘নতুন মুখের সন্ধানে’ প্রচার স্বত্ব থাকছে এশিয়ান টিভির। নতুনদের অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন শুরু হবে ২৯ জুলাই থেকে।’’

‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা হচ্ছে চতুর্থবারের মতো। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল। এর মাধ্যমেই নায়ক হয়েছিলেন প্রয়াত নায়ক মান্না।

এছাড়া বিভিন্ন বছরগুলোতে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা। এদিকে প্রথমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সহযোগিতায় থাকবে এফডিসি প্রশাসন।

Post a Comment

0 Comments