অনেক জল ঘোলা হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’ নিয়ে। দলের অন্যতম সদস্য শাফিন আহমেদ দল ত্যাগ করেছিলেন অন্য সদস্যদের বিরুদ্ধে অনেক অভিযোগ এনে। মাইলসকে কোম্পানি হিসেবে নিবন্ধিত করে সেটির মালিকানাও নিজের নামে করেছিলেন তিনি। ‘মাইলস’ ভক্তরা দলের এমন ভাঙনের আহত হয়েছিলেন।তবে তাদের জন্য সুখবর হলো, সবকিছু ভুলে আবারও সংঘবদ্ধ হয়েছে ‘মাইলস’। দলের বাইরে গিয়ে নতুন ‘মাইলস’ গঠন করে নয়, বড় ভাই হামিন আহমেদসহ অন্য সবার সঙ্গেই থাকছেন শাফিন আহমেদ। বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা ২টায় ‘মাইলস’ আনুষ্ঠানিকভাবে সেই সমস্যার সমাধানের কথা জানালো তাদের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে।
সেখানে বলা হয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি সব সমস্যার সমাধান করে আমরা আবারও পুরনো লাইনআপে ফিরে এসেছি। এই লাইনআপেই আমরা নতুন কনসার্ট ও রেকর্ডে মন দেব।’ এই পোস্টটি নিজ নিজ দেয়ালে শেয়ারও করেছেন হামিন আহমেদ ও শাফিন আহমেদ।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম ব্যান্ড ‘মাইলস’। তাদের প্রথম অ্যালবাম ১৯৮২ সালে প্রকাশ হয় ‘প্রতিশ্রুতি’ নামের। এরপর ২০১৫ সাল পর্যন্ত দলটি ৬টি অ্যালবাম প্রকাশ করেছে যার প্রায় সবগুলো গানই আলোচিত ও জনপ্রিয়।
মাইলসের লাইনআপ: শাফিন আহমেদ (বেজ গিটার, কণ্ঠ), হামিন আহমেদ (গিটার, কণ্ঠ), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)।

0 Comments