
মুক্তিযুদ্ধের গেরিলা থেকে রুপালী পর্দার নায়ক জসিম ৮ ই অক্টোবর ১৯৯৮ সালে আজকের এইদিনে মৃত্যুবরণ করেন।
উত্তাল মার্চ, ১৯৭১। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে আর ঘরে থাকতে পারেন নি জসিম। পাড়ি জমালেন ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে। নায়ক জসিম '৭১ সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের অধীনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করেছিলেন। তার আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে। একজন গেরিলা যোদ্ধা পরবর্তীতে হয়েছেন রুপালী পর্দার নায়ক। ১৯৯৮ সাল ৮ ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যবরণ করেন।
রুপালী পর্দায় খলনায়ক ও নায়ক দুই চরিত্রেই উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।
১৯৭৩ সালে জসিম প্রয়াত জহিরুল হকের ‘রংবাজ’ (বাংলাদেশের প্রথম অ্যাকশন দৃশ্য যুক্ত করা ছবি) ছবিতে খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং যে ছবির অ্যাকশন দৃশ্যগুলোও ছিল তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা জ্যাম্বস ফাইটিং গ্রুপের করা।
স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার পেছনে জসিমের অবদান অনস্বীকার্য, কারণ, বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক এবং ‘ফাইটিং গ্রুপ’ এর শুরুটা জসিমের হাত ধরেই।
নিজের কাজের প্রতি কতোটা উৎসর্গীয় ছিলেন তার উদাহরণ দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ ছবিতেই পাওয়া যায়। "দোস্ত দুশমন" ছবিটি হিন্দি সাড়াজাগানো ফিল্ম "শোলে" ছবির রিমেক। ছবিটিতে তিনি গব্বারের চরিত্র করেছিলেন। খোদ শোলে ফিল্মের নামকরা চরিত্র গব্বার সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভুয়সী প্রশংসা করেছিলেন জসিমের। তিনি দর্শকের মাঝে এতোটাই প্রভাব ফেলেছিলেন যে, ‘আসামি হাজির’ ছবির ডাকু ধর্মার সাথে ওয়াসিমের লড়াই দেখতে দর্শক সিনেমা হলের মূল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছিলো।
মজার ব্যাপার হলো, তিনিই একমাত্র নায়ক, যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাইরুপে চরিত্রদান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা খুব সাদরে গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরুপ, যে শাবানা 'সারেন্ডার' ছবিতে জসিমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন, সেই শাবানা 'অবদান', ‘মাস্তান রাজার’ মতন ছবিতে জসিমের বড় বোন হয়ে সফল হয়েছিলেন। বর্তমানে দেখা যায় যে, নতুন নায়কের আবির্ভাব ঘটলেই বুড়ো হয়ে যাওয়া নায়কের কদর কমে যায়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন জসিম। যেই নব্বইয়ের দশকে সালমান শাহ-ওমর সানিরা শেকড় গেঁড়েছিলো, সেই যুগেও জসিমের সিনেমা দেখতে হলে উপচে পড়া ভীড় থাকতো।
তাঁর মৃত্যুর পর এফডিসির সর্ববৃহৎ ২ নম্বর ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়। জসিম শুধুই বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়কের নাম নয়, তিনি বাংলা চলচ্চিত্রের সাফল্য ও পরিবর্তনের একটি অধ্যায়ের নাম।
এক গর্বিত মুক্তিযোদ্ধা যিনি সিনেমার মতো বাস্তবেও সম্মুখ সমরে মেশিনগান চালিয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে জসিমকে ছাড়া অসম্পূর্ণই থেকে যাবে।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।

0 Comments