দুবাইয়ে ১৭ বছরের এক ব্রাজিলিয়ান কিশোরীকে কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং৷ এরপর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দুবাই পুলিশ জানিয়েছে, ওই কিশোরী থানায় যৌন হেনস্থার অভিযোগ করে। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে দুবাইয়ের একটি পানশালা থেকে মিকাকে গ্রেফতার করা হয়। তাকে আবুধাবি জেলে নিয়ে যাওয়া হয়েছে।
বলিউডের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন মিকা।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে জানা যায়, রবিবার মিকাকে আদালতে তোলা হবে। তার আগে টানা জেরার মুখে পড়েছেন তিনি। তার মোবাইলটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
এর আগেও বেশ কয়েক বার যৌন হেনস্তার অভিযোগে সংবাদ শিরোনামে নাম আসে মিকা সিংয়ের। ২০১৬ সালে মুম্বাইয়ের এক মডেল তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। ওই মডেলের দাবি ছিল, মিকা তার শ্লীলতাহানি করেছেন। অবশ্য মিকা পাল্টা ওই মডেলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার বছর খানেক আগে অভিযোগ উঠেছিল নিজের গানের অনুষ্ঠানে এক চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করেছেন মিকা। সে কারণে তাকে হাজতবাসও করতে হয়। তারও আগে ভারতের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত তার বিরুদ্ধে জন্মদিনের পার্টিতে জোর করে চুম্বন করার অভিযোগ আনেন। সে ঘটনাটিও তাকে বেশ বিপাকে ফেলেছিল।

0 Comments