ভুল বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত : সালমান মুক্তাদির

নিজের ভুল বুঝতে পেরে এ জন্য ক্ষমা চেয়েছেন বিতর্কিত ভিডিও ব্লগার ও অভিনয়শিল্পী সালমান মুক্তাদির। আজ বুধবার বিকেলে নিজের ফেসবুক পাতায় একটি ভিডিও শেয়ার করে তিনি নিজের ভুলের কথা জানান।  

ওই পোস্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা জব্বারের নিরাপদ ইন্টারনেট ক্যাম্পাইনে সহায়তা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলামকে ধন্যবাদ জানান সালমান মুক্তাদির। 

সালমান মুক্তাদির লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি অনুতপ্ত। শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ রাখতে সম্মানিত আইসিটি মন্ত্রীর নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের সহায়তা করার জন্য মো. নাজমুল ইসলামকে ধন্যবাদ।’   

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সালমান মুক্তাদিরকে।   

সম্প্রতি বিতকির্ত একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। ওই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন তিনি। এরপর থেকে তার ইউটিউব সাবস্ক্রাইব ঝড়ের বেগে কমতে থাকে।

এর আগে গত রোববার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি লাইভে এসে ক্ষমাও চেয়েছেন।

Post a Comment

0 Comments