দেশে মুক্তির আগেই বিদেশি উৎসবে ‘হৃদয়ের রংধনু’

প্রায় দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায় ‘হৃদয়ের রংধনু’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন চিত্রপরিচালক রাজীবুল হোসেন। এই ছবিতে প্রাধান্য দেয়া হয়েছে তারুণ্যের শক্তিকে।

দেশে মুক্তির আগেই চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ভারতের উৎসব ‘গোয়া ফিল্ম বাজারে’। গোয়ায় আয়োজনটি শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে। ছবিটি দেখানো হবে ২৪ নভেম্বর স্থানীয় সময় বেলা ২টায়। উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
ছবিটির নির্মাতা এখন গোয়ায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘এই বাজারের ভিউ কর্নারে রয়েছে ‘হৃদয়ের রংধনু’। এখানে ছবিটির এশিয়া প্রিমিয়ার হবে।অ্যাডভেঞ্চারধর্মী ‘হৃদয়ের রংধনু’তে বাংলাদেশের নৈসর্গিক বিভিন্ন লোকেশন দেখানো হয়েছে। অবশেষে মুক্তির আলো দেখেছে সিনেমাটি। সামনে বছরের শুরুতে দেশে বড় পরিসরে ছবিটি মুুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।’
‘হৃদয়ের রংধনু’ ছবিতে দেশি শিল্পীর পাশাপাশি বিদেশি শিল্পীরাও অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।
২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ছবিটির দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ হয়েছে। এদিকে গোয়া ফিল্ম ফেস্টিভালে দেশের আরও একটি সিনেমা প্রদর্শিত হচ্ছে। নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ উৎসবের ওয়ার্ল্ড সিনেমা প্যানারোমা বিভাগে দেখানো হবে।

Post a Comment

0 Comments